সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল রাজধানীর আকাশ। ভোর হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় পুরো শহর। দিনের শুরুতেই এমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও বাইরে বের হওয়া মানুষের জন্য তৈরি হয়েছে চরম ভোগান্তি।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের শ্রমজীবীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হয়ে ভিজে যান, কেউ আশ্রয় নেন দোকান বা ভবনের নিচে। ছাতা থাকলেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।
বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় জলজট তৈরি হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, অন্তত দুপুর পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা বেশি।


























