ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানাধীন ফার্মগেটের আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের একটি প্রাইভেটকারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জয়নাল আবেদীন বলেন, সোনারগাঁও ক্রসিং থেকে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনায় চালক, যাত্রী বা সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


























