চীনের হুনানে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১
চীনের হুনান প্রদেশ-এ একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, সোমবার বিকেলে চাংশা শহরে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদাম উচ্চ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার হিসেবে তিনটি রোবটও মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারখানার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পখাতে নিরাপত্তা জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।





















