প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান আপাতত স্বল্প সময়ের জন্য স্থগিত রাখতে উভয় পক্ষ একমত হয়েছে। তবে ইরানের ওপর আরোপিত নৌ–অবরোধ আগের মতোই বহাল থাকবে।
বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত শান্তি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, সেটি যাচাই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ নিরাপদে সরিয়ে নিতে গত সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযান শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী। তবে ইরান এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয়।





















