যুদ্ধ বন্ধে প্রস্তুতির বার্তা দিল ইরান।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এই অবস্থানের কথা জানান।
সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আলোচনায় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথাও তুলে ধরেন। তার অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি একে ‘পেছন থেকে ছুরি মারা’ বলে উল্লেখ করেন।
এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।
সম্ভাব্য ওই চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধও তুলে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হতে পারে।
তথ্যসূত্র: গালফ নিউজ।





















