ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে: আসিম মুনির।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক ও বেদনাদায়ক।
রাওয়ালপিন্ডির জিএইচকিউতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও ছিলেন।
ভাষণে আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ ছিল দুই মতাদর্শের মধ্যকার নির্ণায়ক লড়াই এবং পাকিস্তান এতে বিজয় অর্জন করেছে।
তিনি দাবি করেন, ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণার ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ভারতের লক্ষ্য কখনো সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও পাবে না। ভবিষ্যতে যেকোনো ‘ভুল পদক্ষেপের’ কঠোর জবাব দেওয়া হবে।





















