ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া।
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ইরানের সাত ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তার অভিযোগ, তেহরান নিজ জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
এক বিবৃতিতে পেনি ওং বলেন, ইরানের শাসকগোষ্ঠী বহু নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কর্মকর্তারাও রয়েছেন, যারা নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িত।
অস্ট্রেলিয়া জানিয়েছে, ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে হামাসসহ বিভিন্ন গোষ্ঠী অর্থায়ন পেয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।





















