ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প।
শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় ইরানে আবারও হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১২ মে) কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সূত্রগুলো বলছে, আলোচনায় ইরানের অবস্থান নিয়ে ট্রাম্প হতাশ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি আরও অধৈর্য হয়ে উঠেছেন।
ট্রাম্পের ধারণা, ইরানি নেতাদের মধ্যে বিভাজনের কারণে পারমাণবিক কার্যক্রম নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া দেখে ওয়াশিংটনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, তেহরান আদৌ আলোচনা চায় কি না।
এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে নতুন হামলার পক্ষে মত দিচ্ছে। তাদের দাবি, এতে ইরান আরও দুর্বল হবে এবং আলোচনায় বসতে বাধ্য হবে।
তবে অপর অংশ কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা।
তাদের অভিযোগ, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যেসব ইতিবাচক বার্তা দেয়, শুধু সেগুলোই পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পৌঁছানো হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান ও কয়েকটি আরব দেশ ইতোমধ্যে ইরানকে জানিয়েছে যে, বর্তমান পরিস্থিতি কূটনীতির শেষ সুযোগ হতে পারে।





















