যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দিয়েছে ইসরাইল।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়েছে ইসরাইল বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ।
সোমবার (১১ মে) জাতিসংঘে ইসরাইলি মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে এই আয়রন ডোম ব্যবহার করেছে আমিরাত।
মাইক ওয়াল্টজ বলেন, ‘আমরা দেখেছি আমিরাত ইসরাইলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করেছে।’
এদিকে ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে গোপন হামলাও চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়। তবে হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
যদিও আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে এ হামলার কথা স্বীকার করেনি।





















