বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি সেখানে যান। খবর আল জাজিরার।
প্রায় ৬০০ বছর পুরোনো এই স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ইউনেস্কোর তথ্যমতে, মিং রাজবংশের শেষ দিকে ১৪২০ সালে এটি নির্মিত হয়েছিল। সে সময় চীনের সম্রাটরা এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং ভালো ফসলের প্রার্থনা করতেন।

টেম্পল অব হেভেন বেইজিংয়ের আরেক ঐতিহাসিক স্থাপনা ফরবিডেন সিটির সমসাময়িক। এর আগে ২০১৭ সালে চীন সফরকালে ট্রাম্প ফরবিডেন সিটিও পরিদর্শন করেছিলেন।
মন্দিরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা “দারুণ” হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্প সংক্ষেপে বলেন, “আলোচনা গ্রেট হয়েছে।”
তবে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
মন্দির পরিদর্শন শেষে ট্রাম্পের হোটেলে ফেরার কথা রয়েছে। পরে সন্ধ্যায় তিনি আবার গ্রেট হল অব দ্য পিপলে যাবেন, যেখানে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।





















