চুক্তি না হলে ‘নিশ্চিহ্ন’ হওয়ার হুমকি ট্রাম্পের
ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানকে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান কিছু সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে এবং ভূগর্ভস্থ মিসাইল মোতায়েন করছে। তবে হামলা হলে সেগুলো দ্রুত ধ্বংস করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, বর্তমান ইরানি প্রশাসনের কিছু কর্মকর্তাকে আগের তুলনায় বেশি ‘যৌক্তিক’ মনে হচ্ছে। একই সঙ্গে তিনি নতুন কর্মকর্তাদের আগের নেতৃত্বের চেয়ে বেশি বুদ্ধিমান বলেও উল্লেখ করেন।
সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি নিরাপত্তার চেয়ে জনসংযোগের বিষয় বেশি। তবে যুদ্ধবিরতি না হলে ইরানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখা যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে।





















