তিন দিনের সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন মোদি
তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার নেদারল্যান্ডসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ দেশ সফরের দ্বিতীয় ধাপে ১৫ থেকে ১৭ মে পর্যন্ত তিনি দেশটিতে অবস্থান করবেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১৭ সালের পর এটি মোদির দ্বিতীয় আমস্টারডাম সফর। ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের জন্য সফরটিকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফরকালে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন মোদি। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করাই বৈঠকের মূল লক্ষ্য।
নেদারল্যান্ডসে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মোদি। আবুধাবিতে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
নেদারল্যান্ডস সফরে মোদি দেশটির রাজা উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার পাশাপাশি দেশটির শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের এজেন্ডা অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।





















