যৌথ অভিযানে আইএসের শীর্ষ কমান্ডার নিহত, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার পরিচালিত এ অভিযানের পর ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সেনারা অত্যন্ত নিখুঁতভাবে অভিযান চালিয়ে আল-মিনুকিকে হত্যা করেছে। তার দাবি, এর ফলে আইএসের বৈশ্বিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়বে।
মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, আল-মিনুকি নাইজেরিয়ার বর্নো রাজ্যের বাসিন্দা ছিলেন এবং আফ্রিকায় আইএসের অন্যতম শীর্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, মাসের পর মাস নজরদারির পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে লেক চাদ অববাহিকায় বিমান ও স্থল হামলা চালিয়ে তাকে এবং তার সহযোগীদের হত্যা করা হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অভিন্ন নিরাপত্তা লক্ষ্য অর্জনে ওয়াশিংটনের সহায়তাকে গুরুত্ব দেয় নাইজেরিয়া।
বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ায় উগ্রবাদী হামলা, সাম্প্রদায়িক সংঘাত ও অভ্যন্তরীণ সহিংসতা দীর্ঘদিন ধরেই বড় নিরাপত্তা সংকট হিসেবে রয়েছে।





















