হরমুজ প্রণালি নিরাপদ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হরমুজ প্রণালিকে ‘উন্মুক্ত, নিরাপদ ও অবাধ’ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় আবুধাবিতে এ মন্তব্য করেন মোদি। ইউরোপ ও পশ্চিম এশিয়ায় পাঁচ দেশ সফরের অংশ হিসেবে আমিরাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগের মধ্যেই মোদির এ সফর শুরু হয়েছে। হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতেও। শুক্রবার দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। দেশটির মোট তেল আমদানির প্রায় অর্ধেকই হরমুজ প্রণালির মাধ্যমে আসে। যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
আবুধাবিতে মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হন।
সফরের সময় মোদির বিমানকে আমিরাতের সামরিক জেট দিয়ে এসকর্ট করা হয়। এ ঘটনাকে তিনি ‘সম্মান’ হিসেবে উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের অন্যতম লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা।





















