ভবিষ্যৎ গ্লোবাল সাউথের, বললেন ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জাতির ৭০ দিনের ‘বীরত্বপূর্ণ প্রতিরোধ’ বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনকে ত্বরান্বিত করেছে এবং নতুন বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার সূচনা করছে।
শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্ব এখন নতুন এক ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে গালিবাফ বলেন, শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন বিশ্বজুড়ে দ্রুত এগোচ্ছে।
তার ভাষায়, ‘ভবিষ্যৎ গ্লোবাল সাউথের।’ তিনি দাবি করেন, গত ৭০ দিনে ইরানি জনগণ ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের পরিকল্পনা ব্যর্থ করেছে।
গালিবাফ আরও বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও ভয়ভীতি দেখানোর প্রচেষ্টা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেছে।
প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের এই অবস্থান লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু উন্নয়নশীল দেশের কাছেও অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্থায়ী কোনো চুক্তি হয়নি।





















