হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন রাশিয়ার
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনায় চীনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরান প্রণালিটি বন্ধ রাখলেও, এটি উন্মুক্ত করতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং।
রোববার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বক্তব্যের সঙ্গে মস্কো পুরোপুরি একমত।
ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা কমাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি প্রয়োজন।
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট করেছেন যে, শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়; সংলাপই একমাত্র কার্যকর পথ।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে।





















