ইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন অস্ত্রবাহী বিমান, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
জার্মানিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী একাধিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা আরও জোরালো হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতির অংশ হিসেবেই এসব সামরিক সরঞ্জাম আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের অস্ত্র এসেছে বা কতগুলো যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক বিমান দেশটিতে পৌঁছেছে।
তাদের দাবি, এসব সরঞ্জাম সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ আরও জোরদার করতে ব্যবহৃত হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে তেহরানও সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।





















