ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি ইরানে একটি পরিকল্পিত হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র এক ঘণ্টা দূরত্বে ছিলেন। তবে শেষ মুহূর্তে সেই হামলা স্থগিত করা হয়।
ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তবে আগামী কয়েক দিনের মধ্যে কোনো সমঝোতা না হলে নতুন করে মার্কিন হামলা শুরু হবে।
সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, শুক্র, শনি বা রোববার কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে হামলাটি সীমিত সময়ের জন্য পরিচালিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যাতে কোনোভাবেই নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে।
সূত্র: রয়টার্স





















