আজ বিশ্ব সাইকেল দিবস: পরিবেশ রক্ষায় ও যানজট নিরসনে অনন্য বাহন
বেঙ্গল আই ডেস্ক | ঢাকা আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং সংগঠন ও রাইডাররা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন
বিশ্ব সাইকেল দিবস মূলত প্রাত্যহিক জীবনে সাইকেলের প্রয়োজনীয়তা ও উপকারিতা বিশ্ববাসীর কাছে তুলে ধরে। এটি এমন একটি বাহন, যা সমাজের ধনী থেকে শুরু করে নিম্নবিত্ত—সবার কাছেই সহজলভ্য ও ব্যবহারযোগ্য। সাইকেল চালানোর মাধ্যমে যেমন মারাত্মক বায়ুদূষণ কমানো যায়, তেমনি শহরের অসহনীয় ট্রাফিক যানজট নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে এবং সমাজের নানা স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সাইকেলের জুড়ি মেলা ভার।
যেভাবে এলো বিশ্ব সাইকেল দিবস
দিবসটির প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কির (Leszek Sibilski) হাত ধরে। তিনি বাইসাইকেল নিয়ে একটি প্রচারাভিযান শুরু করেছিলেন। তাঁর অন্যতম প্রধান লক্ষ্য ছিল—বিশ্বজুড়ে সাইকেলের সমর্থনে জাতিসংঘ যেন একটি বিশেষ দিন নির্ধারণ করে। সেই লক্ষ্যে ২০১৫ সালে সিবিলস্কি একটি একাডেমিক প্রজেক্ট হিসেবে এর কাজ শুরু করেন। পরবর্তীতে তাঁর এই প্রজেক্টটি একটি বিশাল বৈশ্বিক আন্দোলনে রূপ নেয়।
জাতিসংঘের স্বীকৃতি
অধ্যাপক সিবিলস্কির সেই আন্দোলনের পথ ধরেই বাইসাইকেলের জন্য একটি দিন নির্ধারণ করে জাতিসংঘ। ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই প্রস্তাবে তুর্কমেনিস্তান ব্যাপক সমর্থন জানিয়েছিল এবং বিশ্বের প্রায় ৫৬টি দেশ এই প্রস্তাবের সহ-পৃষ্ঠপোষকতা (কো-স্পনসর) করেছিল।





















